আমার প্রতি তোমার যে আন্তরিকতা, যে আলাদা একটা টান ছিলো, তা সবই যেনো মিইয়ে গেলো। কিন্তু আমার যে খুব করে সেই তোমাকেই চাই! সেই তোমাকে পাওয়ার জন্য আমি পারিনা, এমন কিছুই নেই।
সেই তুমিটাকে পাওয়ার জন্য কখনো আহ্লাদ করছি, কখনো বায়না করছি,কখনো অজুহাত খুজছি কথা আগানোর জন্য। আর যখন সবকিছু করেও সেই তুমিটাকে আমি পাচ্ছিনা, তখন অযথাই ঝগড়া করছি।
শুধুমাত্র সেই তুমিটাকে পেতে আমার কতো আয়োজন।
কিন্তু এই তুমি তবুও নিরুত্তাপ! আমার প্রতি তোমার আর কিছুই কাজ করেনা। তাইতো আমার ঝগড়াতেও তোমার কিছু আসে যায়না, আর না আমার অভিমানে তোমার কিছু আসে যায়!
আমার ভালোবাসা যদি তোমাকে স্পর্শ করতে না পারে, তবে আমার অভিমান আর তোমাকে কি স্পর্শ করবে, তাইনা? আমার আকুলতা যদি তোমাকে স্পর্শ করতে না পারে,তবে আমার ব্যাকুলতাতেও তোমার কিছুই যায় আসেনা।
হয়তো তোমার কাছে আমার অস্তিত্বই এখন হারিয়ে গেছে। তাই আমার এখন থাকা না থাকায় তোমার এখন কিছুই যায় আসেনা। আমার থাকাতেও তুমি নিরুত্তাপ, আর আমি চলে গেলেও তোমার কিছুই যায় আসেনা।
ঠিক আছে তবে তাই হোক। তোমার আগ্রহেই আমার কাছে আসা। এবার না হয় তোমার অনাগ্রহেই দূরে চলে যাই। আমার থাকাতে যদি তুমি অস্বস্তি বোধ করো, তবে কথা দিচ্ছি তোমার অস্বস্তি আমি দূর করে দেবো।
তোমার পাশে আমি বেমানান এটা মেনে নিয়েই গুটি গুটি পায়ে পিছু হাঁটা ধরি! আস্তে আস্তে তোমার দৃষ্টি সীমানার বাইরে চলে যাবো। তবুও আমি চাইনা আমার থাকাতে তুমি বিরক্তি প্রকাশ করো।
আমি জানি তুমি আমাকে মনে রাখবেনা। আর আমি চাইওনা তুমি আমাকে মনে রাখো। কারন আমি তোমার বর্তমানে থাকতে চেয়েছি, স্মৃতিতে নয়! আমি চাইনা আমাকে মনে করে তোমার চোখে কখনো দু'ফোটা অশ্রু আসুক। এতে আমার আর আমদের সম্পর্ককে অবমাননা করা হবে।
তবে তোমাকে আমার স্মৃতিতে ক্যালেন্ডারের মতো আমি যত্নে রাখবো। যখন ইচ্ছে হবে, ধূলো পরিষ্কার করে সেই দিনগুলোতে ঘুরে আসবো। তবে তোমার সাথে থাকাকালীন একটা কথা বুঝতে পেরেছি, নিজের সবটুকু দিয়ে কাউকে ভালোবাসতে নেই। এতে নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে যায়।
-লিপি সরকার
ছবি- সংগৃহিত

0 Comments