Header Ads Widget

Responsive Advertisement

ছোটবেলায় আমার একটি নেশা ছিল

 ছোটবেলায় আমার একটি নেশা ছিল । আমাকে পরীক্ষায় দ্বিতীয় হতেই হবে । আমার আম্মু গৃহিনী ছিলেন, তিনি সবসময় আমাকে বলতেন, তোমাকে সবার চেয়ে বেশি জানতে হবে ।

আমার স্কুলের সব বন্ধুরা যখন ক্রিকেট খেলায় ব্যস্ত, তখন আমি জ্যামিতি আর বীজগণিতের মাঝখানে ডুবে থাকতাম। তাই পরীক্ষায় দ্বিতীয় হওয়াটি আমার কাছে ছিল ডালভাতের মত ।
ক্লাসে আমি হতাম দ্বিতীয় আর মনি হতো প্রথম। মনি ছিল আমার খুব ভাল বন্ধু , আর খুব নরম মনের মানুষ। কারো সাথে তেমন একটা ঝামেলা করতো না ও ।
ক্লাস শেষ হলেই সাথে সাথে দিতো ছুট । আমার কাছে ওর এই ব্যবহারটি ঐ বয়সে কেমন যেন লাগতো । একদিন ক্লাসের শেষে আমি মনির পিছু নিলাম , ও আসলে কোথায় যায়, কি করে সেটা দেখতে ।
দুই মাইল হেঁটে অন্য একটি গ্রামে গিয়ে সে ঢুকে পড়লো একটি ছোট ছনের ঘরে । এখানেই থাকে সে ? আমার মনটি কেমন যেন হয়ে গেলো ।
আমি যে এতক্ষণ মনিকে অনুসরণ করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি সেটা সে বুঝতে পারেনি । হঠাৎ ওর মা বেরিয়ে এলেন, সাথে সেও । দুজনেই আমাকে দেখে অবাক হয়ে গেলো ।
মনি জিজ্ঞেস করলো, তুমি আমাদের গ্রামে কোথায় এসেছিলে ? আমি বললাম, এই এখানেই, একটি কাজে এসেছিলাম ।
ওর মা আমাকে দেখে খুব লজ্জা পাচ্ছিলেন, তিনি ভেবে পাচ্ছিলেন না কিভাবে তার ছেলের সহপাঠীকে আপ্যায়ন করবেন । আমাকে একটি পিঁড়িতে বসতে দিয়ে, এদিক ওদিক ছোটাছুটি করে একটি থালায় কিছু মুড়ি নিয়ে এলেন ।
আমাকে খেতে দিতে দিতে বললেন , মনির বাবা নেই , স্কুল ছুটির পর পাশের জমিতে কামলা খাটে,আর টিউশনি করে। ওই সংসার চালায়।
আমি যে কি বলবো বুঝতে পারছিলাম না । আমার মাথায় শুধু একটি কথাই ঘুরপাক খাচ্ছিল, কীভাবে সারাদিন কাজ করেও এই ছেলেটি পরীক্ষায় প্রথম হয় !!!
ওর মা বলতে থাকলেন , জানিনা বাবা, আর কতদিন ও পড়তে পারবে । যা খরচ । কোনো বৃত্তি না পেলে ওর পড়ালেখা বন্ধ হয়ে যাবে। ও তো কখনো বৃত্তি পরিক্ষা দিতে পারে না যে বৃত্তি পাবে। ( তখন আমাদের স্কুলে এই নিয়ম ছিল যে, শুধু ক্লাসে উচ্চপদস্থ পদের সন্তানরা বা ছাত্র/ছাত্রী বৃত্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাবে )।
আমার মন এত খারাপ হয়ে গেলো যে আমি আর দেরি না করে তাড়াতাড়ি বাসায় চলে এলাম । মনে আমার শুধু বেজে চলেছে ওর মায়ের কথাগুলি ।
কয়েকদিন পর ইদ । সবাই কেনাকাটা করছে বাজারে । হঠাৎ মনির মাকে আমি বাজার দেখতে পেয়ে কিছু কিনে দিতে চাইলাম কিন্তু তিনি কিছুতেই নিতে রাজি হলেন না।
এরপরে বেশ কিছুদিন কেটে গেছে । আজকে ঈদ । বাসায় রান্নার ঘ্রাণে মৌ মৌ করছে । হঠাৎ আমাদের দারোয়ান এসে বললো, একটি ছেলে আমার সাথে দেখা করতে চাইছে ।
আমি বললাম, তাকে ভিতরে পাঠিয়ে দিন । দারোয়ান বললো , অনেকবার বলেছি কিন্তু কিছুতেই ভিতরে আসতে চাইছে না। মনি দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে । আমি বললাম , আরে, আরে , বাসায় চলো । ও কোনো মতেই বাসায় এলো না ।
যাওয়ার আগে আমার হাতে একটি পুটলি ধরিয়ে দিয়ে বললো , আজকে আমাদের ঈদ , আমি এটি তোমার জন্য এনেছি । আমি খুলে দেখবার আগেই ও পালিয়ে গেলো । বাসায় এসে দেখলাম একটি রঙ্গিন পাঞ্জাবি ।
ভাবলাম যার নিজের জীবন ধূসর রঙ্গে রাঙা সে কিনা আরেক জনের জীবন রাঙাতে রঙিন পাঞ্জাবি নিয়ে এসেছে!
ঈদের দিনেও আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো ।
এর পরে বেশ কিছুদিন কেটে গেছে । পরীক্ষাও এসে গেছে । পরীক্ষার দিন ওর সাথে দেখা হলো ।
ও আমার কাছে এসে বললো, এটাই আমার শেষ পরীক্ষা , আর কোনোদিন পড়াশুনা করতে পারবো না । তোমার সাথে আর আমার দেখা হবে না ।
ওকে কেন যেন ভালোবেসে ফেলেছিলাম । ওর চোখের দিকে তাকালাম । দুচোখে শুধুই বৃষ্টির আভা ।
পরীক্ষা শেষ হলো, কয়েকদিন পরে পরীক্ষার রেজাল্ট বের হবে । আব্বা জিজ্ঞেস করলেন , কেমন পরীক্ষা দিলে ? প্রথম হতে পারবে তো ? আমি হ্যাঁ বা না কোনো উত্তর দিলাম না ।
আমি তো জানি আমার কি রেজাল্ট হবে ।
রেজাল্ট বেরুনোর দিন আমি মনির পাঞ্জাবিটি পরে রেজাল্ট আনতে গেলাম। দেখলাম, সারা ক্লাসে উত্তেজনা । মনি প্রথম হয়েছে আর বৃত্তির জন্য মনোনীতও হয়েছে সে। মনির দুই চোখে আনন্দ অশ্রু।
সে আমার কাছে এসে চুপিসারে বললো ,”এভাবে তুমি আমার পাঞ্জাবির ঋণ শোধ দিলে?
শিক্ষক বলেছে তুমি প্রশ্নের সব উত্তর দাও নি, কিন্তু আমি জানি তুমি ইচ্ছে করেই এমনটা করেছো, যাতে আমি পড়াশোনা বাদ না দিই ,তাই না?

Post a Comment

0 Comments